
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় হ্যান্ডকাপ পরা অবস্থায় এক আসামি পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নূরপুর গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলার পলাতক আসামি মাসুক মিয়াকে (৪০) গ্রেপ্তারে অভিযান চালায় নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) কামালের নেতৃত্বে একটি দল। সন্ধ্যা ছয়টার দিকে মাসুককে আটক করার পরপরই তার স্বজন ও স্থানীয় কিছু লোকজন সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়।
ধস্তাধস্তির একপর্যায়ে মাসুক মিয়া হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যেতে সক্ষম হন। এ সময় এসআই কামালসহ তিন পুলিশ সদস্য আহত হন। তাদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
থানা সূত্রে আরও জানা গেছে, মাসুক মিয়া ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে’ পুলিশের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ৯৭ নম্বর আসামি। তার বিরুদ্ধে থানায় একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
ঘটনার বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন,
“গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। দায়ীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, আসামির হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া এবং পুলিশের ওপর প্রকাশ্য হামলায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।