
দেশের সরকারি জনসেবায় গতি আনতে এবং দাফতরিক কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিসে অবস্থান করতে হবে।
গত সোমবার (২ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা জারি করা হলেও আজ বুধবার (৪ মার্চ) বিষয়টি জনসমক্ষে আসে।
প্রশাসনিক দায়িত্বে নেই এমন শিক্ষক ও অনুষদ সদস্য, হাসপাতাল, জেলখানা এবং সংবাদমাধ্যমের রোস্টার ডিউটি পালনকারীদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। এছাড়াও জরুরি গ্রাহকসেবায় নিয়োজিত এবং মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই নির্দেশনার আওতামুক্ত থাকবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ লক্ষ্য করেছে যে, অনেক কর্মকর্তা অফিসে আসার পথে ব্যক্তিগত কাজ, ব্যাংকিং বা বিভিন্ন সেমিনারে অতিথি বক্তা হিসেবে অংশ নেওয়ায় নির্ধারিত সময়ে ডেস্কে থাকেন না। জনসেবা নিশ্চিত করতে ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ অনুযায়ী এই নিয়ম কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।