
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ১ হাজার ৮৪৪টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) উপজেলার কারিগাঁও মাঠসংলগ্ন সড়কের দুই পাশে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
জানা গেছে, উপজেলা প্রশাসনের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের আওতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালামের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বরাদ্দ পাওয়া যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. করিমুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করারও আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় কারিগাঁও মাঠসংলগ্ন সড়কের দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ১ হাজার ৮৪৪টি গাছের চারা রোপণ করা হবে।