
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের সম্মাননা প্রদান করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সভাপতি অধ্যাপক করিমুল হক, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহাগ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনুর ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছের উৎপাদন বাড়াতে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে হরিপুর উপজেলার তিনজন সফল মৎস্যচাষিকে ক্রেস্ট ও সনদ দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এ সময় মৎস্যচাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হরিপুরে মৎস্যসম্পদ সংরক্ষণ, আধুনিক প্রযুক্তিতে মাছ চাষে উৎসাহ প্রদান এবং মৎস্যচাষিদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।