১৮টি প্রকল্পের ১৬টিতেই সদস্য সচিব মাসুদ রানা; টাকা আত্মসাতের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত অর্থ আত্মসাতের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা।
সোমবার (১৩ জুলাই) দুপুরে হরিপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, ১৮টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ১৬টির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনকালে প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাতের যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে।
মাসুদ রানা বলেন, প্রকল্পের অর্থ আত্মসাৎ, কাজ শুরুর আগেই অর্থ উত্তোলন, প্রকল্পের সভাপতিদের না জানিয়ে অর্থ লেনদেন কিংবা সভাপতিদের নামে চেক ইস্যু করে অর্থ নিজের নিয়ন্ত্রণে রাখার যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো ভিত্তি নেই।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি সদস্য সচিব হতে পারি, কিন্তু কোনো প্রকল্পের অর্থ আমার নামে উত্তোলনের সুযোগ নেই। প্রকল্পের সভাপতি, চেয়ারম্যান ও সদস্যদের নামেই চেক ইস্যু করা হয়। আমার নামে কোনো চেক হয় না। তাহলে আমি কীভাবে প্রকল্পের টাকা উত্তোলন বা আত্মসাৎ করতে পারি?”
তিনি আরও বলেন, প্রকল্পগুলোর সব কার্যক্রম সরকারি বিধি-বিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই পরিচালিত হয়েছে। তিনি কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন।
মাসুদ রানা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। তিনি এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেন, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে তিনি বিশ্বাস করেন।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক করিমুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ১৮টি উন্নয়ন প্রকল্পের সভাপতিরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হরিপুর উপজেলার ১৮টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ১৬টির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনকারী মাসুদ রানার বিরুদ্ধে প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিভিন্ন তথ্য প্রচার করা হয়। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতেই নিজের অবস্থান তুলে ধরতে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।










