বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি ঘোষণা

12
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি ঘোষণা
print news

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তাঁর নামাজে জানাজার দিন আগামীকাল বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

ভাষণের শুরুতে প্রধান উপদেষ্টা গভীর শোক প্রকাশ করে বলেন, দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক অভিভাবকসুলভ নেতৃত্বকে হারিয়েছে। তিনি বলেন, “আজ পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিমজ্জিত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ গভীরভাবে শোকাহত ও মর্মাহত। এই দুঃসময়ে তাঁর পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী এবং অসংখ্য কর্মী-সমর্থকের প্রতি জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে সবার জন্য ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।

ভাষণে প্রফেসর ইউনূস বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য ও মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান জাতিকে বারবার গণতান্ত্রিক পথে ফেরার প্রেরণা যুগিয়েছে।

তিনি আরও বলেন, দেশ ও জাতির জন্য বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণমুখী নেতৃত্ব এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবিচল ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এমন একজন দূরদর্শী ও দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলেও মন্তব্য করেন তিনি।

শোকাবহ এই সময়ে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সবাই যেন যার যার অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং এই সংকটময় সময়ে জাতি যেন ঐক্যবদ্ধ থাকে।

এ সময় তিনি সতর্ক করে বলেন, শোকের এই পরিবেশে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ভাষণের শেষাংশে তিনি নামাজে জানাজাসহ সব ধরনের শোক কর্মসূচি শৃঙ্খলা ও মর্যাদার সঙ্গে পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে দেশবাসীর জন্য ধৈর্য, শক্তি ও ঐক্য কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধআর নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
পরবর্তী নিবন্ধহরিপুর হাসপাতালে চিকিৎসক সংকট, সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন