ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের। রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় দুই মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ঘটে এই মর্মান্তিক ঘটনা।
নিহতরা হলেন—সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের সুমন (২৯), সদর উপজেলার মৈন্দ গ্রামের লোকমান হোসেন (৩০) ও তুহিন হাসান (২৯), বিজয়নগরের সাতগাঁও গ্রামের আকরাম (২৫) এবং রংপুরের মনিরুজ্জামান (২১)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেলে করে ফুটবল খেলা দেখতে যাচ্ছিলেন সুমন, লোকমান ও তুহিন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই সময় দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশাও ঘটনাস্থলে এসে ধাক্কা দিলে ঘটে ত্রিমুখী সংঘর্ষ।
ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন—সবুজ (১৯), আহাদ (২০), আলামিন ও ইয়ামিন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।
সড়কে এই করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন ও বেপরোয়া চালনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।











