সোমবার, মে ১৮, ২০২৬
হোম বাংলাদেশ আজ সংসদ ভবনে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা

আজ সংসদ ভবনে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা

39
print news

আজ মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভিতে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের পটভূমি ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে এ ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের পরামর্শে চূড়ান্ত করা এই দলিলটিকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়েও ঐকমত্যে পৌঁছেছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ঘোষণাপত্রে মোট ২৬টি দফা রয়েছে। এর মধ্যে প্রথম অংশে উল্লেখ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন এবং সদ্য ঘটে যাওয়া জুলাই অভ্যুত্থানের পটভূমি।

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে এর আগে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি এই দাবিতে একাধিক কর্মসূচিও পালন করে।

এ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী নানা সাংস্কৃতিক আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে গান পরিবেশন করছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও ব্যান্ড দল। বিকেল ৫টায় ঐতিহাসিক ঘোষণাপত্র পাঠের পর সন্ধ্যায় থাকবে বিশেষ আয়োজন—‘ড্রোন ড্রামা’। রাত আটটায় শিল্পী ব্যান্ড ‘আর্টসেল’-এর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।

অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে জুলাই আন্দোলনে শহীদদের পরিবার, আহতদের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং নাগরিক সমাজের বিশিষ্টজনদের।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কালের দর্পণকে বলেন, “জুলাই সবার। তাই এই আয়োজনেও থাকবে সবার অংশগ্রহণ।” তিনি জানান, ঘোষণাপত্র পাঠের পর মঞ্চে আবার শুরু হবে সাংস্কৃতিক আয়োজন, যা শেষ হবে আধুনিক প্রযুক্তিনির্ভর ‘নিউ মিডিয়া’ প্রদর্শনী দিয়ে।

এদিকে, অনুষ্ঠান কেন্দ্র করে সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে আনতে ডিএমপি বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিজয়নগরে মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত
পরবর্তী নিবন্ধআশুগঞ্জে এনসিপির সংবাদ সম্মেলন এসি ল্যান্ডের প্রত্যাহারের দাবি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন