বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “ইনশাআল্লাহ শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে।” তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের আস্থা অর্জন করে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনের পথে এগিয়ে যেতে হবে।
রবিবার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। এই আস্থার মর্যাদা রক্ষায় এবং জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও জানান, “আগামী বছর রমজানের আগে নির্বাচনে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে। এরপরও অনেক চ্যালেঞ্জ সামনে আছে, সেগুলোও অতিক্রম করতে হবে।”
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, “স্বৈরাচার এ দেশের অর্থনীতি, স্বাস্থ্যখাত, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করবে বিএনপি। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।”
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, ক্ষমতায় এলে দেশ-বিদেশে দক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কাছে আধুনিক শিক্ষার আলো পৌঁছে দেওয়া এবং তাদের জন্য সুদৃঢ় ভবিষ্যৎ নির্মাণই হবে অগ্রাধিকার।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে, তাদের মনে আস্থা সৃষ্টি করতে হবে। জনগণকেই আমাদের শক্তি হিসেবে নিয়ে কাজ করতে হবে।”












