ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে একটি বিদেশি রিভলভার ও গুলি উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় মূল অভিযুক্ত সাদ্দাম হোসেন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তার ভাই মো. আসাদ মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (১৬ জুলাই) ভোররাতে উপজেলার চরচারতলার আলাল শাহ মাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আশুগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইমরানের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।
সেনাবাহিনীর পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত সাদ্দাম হোসেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের একজন সক্রিয় ক্যাডার। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এক সংসদ সদস্যের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ২০২৪ সালের ৪ আগস্ট আশুগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় সাদ্দাম এজাহারভুক্ত আসামি।
অভিযানকালে সাদ্দামের বসতবাড়ির আঙিনায় ৪-৫ ফুট গভীর গর্ত খুঁড়ে একটি বিদেশি রিভলভার, দুটি গুলি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সাদ্দাম পালিয়ে গেলেও তার ভাই আসাদ মিয়াকে আটক করা হয়।
পরে আটক আসামিকে আগ্নেয়াস্ত্র, গুলি ও মোবাইলসহ আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং পলাতক সাদ্দামকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।












