Thursday, September 17, 2026
হোম জেলা ব্রাহ্মণবাড়িয়া নিউজ বিজয়নগরে বিপুল পরিমাণ মাদকসহ মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

বিজয়নগরে বিপুল পরিমাণ মাদকসহ মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

77
মাদক
print news

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নিলুফা ইয়াসমিন (৪৫)। তার সঙ্গে আটক করা হয়েছে সহযোগী সাব্বিরুল আলম (৪০) নামে এক ব্যক্তিকে।

শনিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামে নিলুফা ইয়াসমিনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী তাদের গ্রেফতার করে। অভিযানের সময় নিলুফার স্বামী ও চিহ্নিত মাদক কারবারি মিনার মিয়া কৌশলে পালিয়ে যায়।

অভিযানে উদ্ধার করা হয় ৯৬ বোতল ফেনসিডিল, ৩০ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার (নম্বর: ঢাকা মেট্রো-খ ১৪-০১৫৪), দুটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৮০০ টাকা। উপস্থিত স্বাক্ষীদের সামনে উদ্ধারকৃত মালামাল জব্দ করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, “আটকদের সেনাবাহিনীর কাছ থেকে বুঝে নেওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়েছে।”

এ ঘটনার পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্ষমতাসীন দলের একজন নেত্রী কীভাবে এমন অপরাধে যুক্ত হন তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এলাকাবাসীর দাবি, ঘটনা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, নিলুফা ইয়াসমিন দীর্ঘদিন ধরে মহিলা আওয়ামী লীগের উপজেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও নানা বিতর্ক থাকলেও এ ধরনের সরাসরি মাদক সংশ্লিষ্টতায় গ্রেফতারের ঘটনা প্রথম।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এলাকায় মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ঠিকাদারকে দরপত্র জমা দিতে বাধা, অভিযোগ তদন্তে জেলা প্রশাসন
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন