“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে হরিপুর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আমাই দিঘীতে গিয়ে শেষ হয়। সেখানে মাছের পোনা অবমুক্ত করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ।
আলোচনায় বক্তারা বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং সচেতনতা তৈরির লক্ষ্যে এই জাতীয় মৎস্য সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মকে টেকসই মৎস্য ব্যবস্থাপনায় সম্পৃক্ত করতে এমন আয়োজন কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।












