ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের দেড় শতবর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। একইসঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় থিম লোগো উন্মোচন, বৃক্ষরোপণ এবং উন্মুক্ত পাঠাগার উদ্বোধনের মতো নানা আয়োজন।
শনিবার (১৪ জুলাই) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেড় শতবর্ষ উদ্যাপন কমিটির পৃষ্ঠপোষক ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাজ্জাদুল হক এবং প্রধান শিক্ষক জাকির হোসেন সরকার।
অনুষ্ঠানে অতিথিরা বিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরের স্কুলবাগানে স্মারক হিসেবে বৃক্ষরোপণ করেন। পাশাপাশি স্থাপন করা হয় থিম বোর্ড এবং উদ্বোধন করা হয় দেড় শতবর্ষপূর্তি উপলক্ষে নির্মিত উন্মুক্ত পাঠাগার।
মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অনুষ্ঠানের সূচনা হয় রক্তাক্ত জুলাইয়ের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। এরপর “সুন্দর পৃথিবীর জন্য আমরা”—এই স্লোগানকে ধারণ করে উদ্যাপন থিম লোগো উন্মোচন করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অতিথিরা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আবেশ (Alumni of Brahmanbaria Annada Ex-Students’ Society)-এর সভাপতি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন সগীর আহমেদ, প্রধান পৃষ্ঠপোষক সাজ্জাদুল হক, বিএনপি নেতা খালেদ হোসেন, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহসভাপতি ইমাম শাহীন ও খায়রুল ইমাম, সদস্য হাফিজুর রহমান মোল্লা, অতিরিক্ত সাধারণ সম্পাদক অধ্যাপক তৌফিকুল ইসলাম, এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সরকার।
সবশেষে অতিথিরা কেক কেটে দেড় শতবর্ষ উদ্যাপনের নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন। আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর এই উদ্যাপন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়।
উল্লেখ্য, ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম পুরাতন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে দেশ-বিদেশে অসংখ্য কৃতি ব্যক্তিত্ব প্রতিষ্ঠা পেয়েছেন।











