ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১ নম্বর গেদুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মলানী গ্রামে এ উপলক্ষে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. আব্দুস সালাম।
এ সময় তিনি বলেন, “আমার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-২ একটি সীমান্তবর্তী ও পিছিয়ে পড়া এলাকা। আমি জাতীয় সংসদে আপনাদের দাবি তুলে ধরেছি। ফ্যামিলি কার্ড বাস্তবায়িত হলে প্রকৃত গরিব মানুষ উপকৃত হবেন। যারা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করবেন, তারা সততার সঙ্গে কাজ করবেন।”
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের প্রতিটি অসচ্ছল পরিবারকে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় আনতে ফ্যামিলি কার্ড কর্মসূচি হাতে নিয়েছে। এই কার্ডের মাধ্যমে একটি পরিবার স্বচ্ছতার সঙ্গে সরকারের বিভিন্ন ভাতা, সহায়তা ও সেবা পাবে। এ ক্ষেত্রে কোনো অনিয়ম, দলীয়করণ বা ভেদাভেদ করা হবে না।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, ১ নম্বর গেদুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন সভাপতি জাহিদুল ইসলাম এবং মহিলা দলের সভানেত্রী সাবানা পারভিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দক্ষিণ মলানী গ্রামের জাহানা খাতুনের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহকারী সাব্বির হোসেনের মাধ্যমে একটি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়।
উল্লেখ্য, হরিপুর উপজেলার ১ নম্বর গেদুড়া, ২ নম্বর আমগাঁও ও ৩ নম্বর বকুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডগুলোতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।












