ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যবিধি অমান্য করে খাবার প্রস্তুতের অভিযোগে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১১ আগস্ট) দুপুরে শহরের পাইকপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে পরিচালিত অভিযানে রেস্টুরেন্টের রান্নাঘর ও স্টোর রুমের অব্যবস্থাপনা, অপরিচ্ছন্ন পরিবেশ, ড্রেস কোড ও গ্লাভস ছাড়া খাবার প্রস্তুত করাসহ নানা অনিয়ম ধরা পড়ে। এসব পরিস্থিতি ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।
তিনি জানান, জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিচালিত তদারকি কার্যক্রমে খাবার সংরক্ষণ থেকে শুরু করে রান্নার উপকরণ ব্যবহারে স্বাস্থ্যসম্মত পদ্ধতির মারাত্মক ঘাটতি পাওয়া যায়। সতর্কবার্তার পাশাপাশি নগদ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতে একই অবস্থা পেলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
অভিযানে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম শাহীন এবং সদর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক উপস্থিত ছিলেন।












