হোম প্রচ্ছদ পৃষ্ঠা 6

বুড়িগঙ্গায় নারী-শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

লাশ

ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে এক নারী ও শিশুসহ চারজনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যার দিকে পৃথক দুটি স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহাগ রানা জানান, উদ্ধারকৃতদের মধ্যে তিন বছরের একটি শিশু, দুই নারী এবং একজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের কারও পরিচয় জানা যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রথমে সন্ধ্যা ৬টার দিকে কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজ সংলগ্ন এলাকা থেকে ৩০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় কালো বোরকা পেঁচানো ছিল এবং পরনে ছিল গোলাপি সালোয়ার-কামিজ। এর এক ঘণ্টা পর একই স্থান থেকে পাওয়া যায় তিন বছর বয়সী একটি ছেলের মরদেহ, যার গলায় ছিল ওড়না প্যাঁচানো।

এরপর রাত সাড়ে ৭টার দিকে জিনজিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের পাশে নদী থেকে উদ্ধার করা হয় আরও দুটি মরদেহ। এর মধ্যে একজন আনুমানিক ৪০ বছর বয়সী পুরুষ এবং অপরজন ৩০ বছর বয়সী নারী। পুরুষটির পরনে ছিল কালো প্যান্ট ও চেক শার্ট এবং নারীর পরনে ছাই রঙের গেঞ্জি ও লাল সালোয়ার ছিল।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আকতার হোসেন জানান, নিহত চারজনের মধ্যে মা-ছেলের মরদেহ উদ্ধার হয়েছে মীরেরবাগ এলাকা থেকে এবং অপর নারী ও পুরুষের মরদেহ উদ্ধার হয়েছে জিনজিরা এলাকা থেকে। প্রাথমিকভাবে তাদের শরীরে আঘাতের কিছু চিহ্ন পাওয়া গেলেও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

নৌ-পুলিশ বলছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

হরিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে হরিপুর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আমাই দিঘীতে গিয়ে শেষ হয়। সেখানে মাছের পোনা অবমুক্ত করা হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ।

আলোচনায় বক্তারা বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং সচেতনতা তৈরির লক্ষ্যে এই জাতীয় মৎস্য সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মকে টেকসই মৎস্য ব্যবস্থাপনায় সম্পৃক্ত করতে এমন আয়োজন কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

হরিপুরে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

মাদকাসক্ত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলে আনোয়ার হোসেন (৩০) কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার দেহট্র গ্রামে এই ঘটনা ঘটে। আনোয়ার হোসেন একই গ্রামের তোসলিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আনোয়ার মাদকাসক্ত অবস্থায় পারিবারিক সদস্য ও আশপাশের লোকজনের সঙ্গে অশোভন আচরণ করেন এবং এলাকায় শান্তি বিনষ্ট করেন। ঘটনার পর বুধবার সকালে তার মা হরিপুর থানায় অভিযোগ করেন।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ আনোয়ার হোসেনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রায় ঘোষণার পর আসামি আনোয়ার হোসেনকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়।

হরিপুরে লিভার রোগে ভোগা ব্যক্তির আত্মহত্যা

আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সিগেন রায় (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও গ্রামে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিগেন রায় তার বাড়ির সীমানা প্রাচীরের পিলারের রডে দড়ি বেঁধে গলায় ফাঁস দেন। তার মরদেহ সেখান থেকেই উদ্ধার করা হয়। মৃত সিগেন রায় ওই গ্রামের মৃত মনিরামের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন এবং শারীরিকভাবে দুর্বল ছিলেন। মানসিক অবসাদ থেকেই এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাদের।

ভাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান সরকার ঘটনাটি নিশ্চিত করেছেন।

এদিকে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে ‘শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়া’ নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনটি সঞ্চালনা করেন সানিউর রহমান এবং সভাপতিত্ব করেন ফাহিম মুনতাসির।

এতে বক্তব্য দেন — তিশা রাণী পোদ্দার (ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ), কাজী রায়হান শাহ ও শাহ আলম পালোয়ান (ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ), জাহিদ হোসেন (বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ), তৌফিক হাসান এবং হোসাইন ইসলাম জয় (অন্বেষা বিদ্যাপীঠ) প্রমুখ।

বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা দীর্ঘ ৫-৬ বছর ধরে এই দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।

তারা জানান, গত ১০ আগস্ট মাননীয় অর্থ উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের জন্য ডিও লেটার প্রেরণ করেছেন—যা আশাজাগানিয়া পদক্ষেপ।

তবে দ্রুত বাস্তবায়ন নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান তারা।

মানববন্ধন শেষে একটি শান্তিপূর্ণ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

গাজীপুরে সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানির মামলা

সারজিসের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানির মামলা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।

বাদীর আইনজীবী সিদ্দিকুর রহমান জানান, আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দিয়েছে।

বিএনপি নেতা তানভীর সিরাজ বলেন, “অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম যাচাই-বাছাই ছাড়া ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। ইতোমধ্যে জিএমপি কমিশনার হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করে জানিয়েছেন, রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই দলের নির্দেশে আমি এ মামলা করেছি।”

জানা গেছে, ৭ আগস্ট রাত ৯টা ৫৫ মিনিটে সারজিস আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে দাবি করেন, গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে। পরদিন সকালে তিনি পোস্টটি সম্পাদনা করে ‘চাঁদাবাজ’ শব্দটি বাদ দিয়ে ‘ছিনতাইকারী’ লেখেন।

প্রথমে মামলার আবেদনে ১০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা উল্লেখ থাকলেও পরে বাদী জানান, আইনজীবীর সঙ্গে আলোচনার পর তিনি এজাহারে ‘অপূরণীয় ক্ষতি’র কথা উল্লেখ করেছেন।

হরিপুরে জিংক ধান সম্প্রসারণে মতবিনিময় সভা

জিংক ধান

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জিংক সমৃদ্ধ ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে আরডিআরএস বাংলাদেশ, আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউটের হারভেস্টপ্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস-ইন প্রকল্পের সহযোগিতায়।

সভায় সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুবেল হোসেন। এতে বক্তব্য দেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মানস কুমার, হারভেস্টপ্লাসের প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মজিবর রহমান, প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ শাহিনুল কবির, ইএসডিও’র এপিসি কৃষিবিদ আসরাফুল আলম, রিঅ্যাক্ট-ইন প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোজাম্মেল শেখ, ওয়াল ভিশনের কো-অর্ডিনেটর রুমা পারভিন এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাইহানুল ইসলাম সিনা।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম, পুরোহিত, সাংবাদিক, ব্যবসায়ীসহ ৪৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা জিংক সমৃদ্ধ ধান চাষের উপকারিতা তুলে ধরে এর সম্প্রসারণে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ের হরিপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন—উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ্ব জামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও আমগাঁও ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইসমাইল হোসেন, হরিপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দেশ চ্যানেলের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি নুর মোহাম্মদ, সাংবাদিক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-আমিন বিপু, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আকতার জামিল, ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলম, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিরাজ আলম, হরিপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নাসির উদ্দিনসহ অনেকে।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড জাতিকে স্তম্ভিত করেছে। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে হত্যার তীব্র নিন্দা জানান। তারা ঘোষণা দেন—সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না।

লুটপাটে বিলীনের পথে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর

সিলেট পাথর লুট

সিলেটের বিখ্যাত পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের ‘সাদা পাথর’ দেড় বছরেরও বেশি সময় ধরে লাগামহীন পাথর লুটের শিকার। সর্বশেষ গত ১৫ দিনে লুটপাটের মাত্রা ভয়াবহ আকার নিয়েছে, যা পরিবেশ ও পর্যটন শিল্পের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে চলতে থাকলে দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই স্পটটি শিগগিরই বিলীন হয়ে যেতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকেই সাদা পাথরে শুরু হয় পাথর লুট। সাম্প্রতিক দুই সপ্তাহে এ কার্যক্রমে যুক্ত হয়েছে আরও বেশি নৌকা ও শ্রমিক। ভোলাগঞ্জ জিরো পয়েন্ট থেকে শুরু করে রোপওয়ে বাঙ্কার এলাকা পর্যন্ত প্রতিদিন শত শত বারকি নৌকা দিয়ে প্রকাশ্যে পাথর তুলে নিয়ে যাওয়া হচ্ছে।

এ লুটপাটে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় প্রভাবশালীরা একযোগে জড়িত বলে অভিযোগ রয়েছে। আগে প্রতিটি নৌকার জন্য আলাদা চাঁদা দিতে হতো, কিন্তু বর্তমানে চাঁদার পরিবর্তে বাধ্যতামূলকভাবে পাথর বিক্রি করতে হচ্ছে সিন্ডিকেট সদস্যদের কাছে, নির্ধারিত কম দামে।

স্থানীয়দের ভাষ্যমতে, গত কয়েক মাসে দিনে-রাতে অন্তত হাজারের বেশি নৌকা ব্যবহার করে পাথর লুট হয়েছে। এসব পাথর মেশিনে ভেঙে বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। প্রশাসনের কাছে লুট হওয়া পাথরের সঠিক পরিসংখ্যান না থাকলেও, স্থানীয়দের ধারণা—এর বাজারমূল্য কয়েক হাজার কোটি টাকা।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী কিম বলেন, “গত এক বছরে যে পরিমাণ পাথর লুট হয়েছে, তা আগের ১৫ বছরের তুলনায় বহুগুণ বেশি। প্রশাসন কঠোর অবস্থান নিলে এই বিপর্যয় রোধ করা সম্ভব ছিল।”

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আদনান বলেন, “ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাস্কফোর্স অভিযান চালানো হয়, পুলিশ তাতে সহযোগিতা করে। তবে একা পুলিশের পক্ষে এটি ঠেকানো কঠিন।”

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যবিধি অমান্য করে খাবার প্রস্তুতের অভিযোগে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১১ আগস্ট) দুপুরে শহরের পাইকপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে পরিচালিত অভিযানে রেস্টুরেন্টের রান্নাঘর ও স্টোর রুমের অব্যবস্থাপনা, অপরিচ্ছন্ন পরিবেশ, ড্রেস কোড ও গ্লাভস ছাড়া খাবার প্রস্তুত করাসহ নানা অনিয়ম ধরা পড়ে। এসব পরিস্থিতি ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

তিনি জানান, জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিচালিত তদারকি কার্যক্রমে খাবার সংরক্ষণ থেকে শুরু করে রান্নার উপকরণ ব্যবহারে স্বাস্থ্যসম্মত পদ্ধতির মারাত্মক ঘাটতি পাওয়া যায়। সতর্কবার্তার পাশাপাশি নগদ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতে একই অবস্থা পেলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

অভিযানে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম শাহীন এবং সদর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক উপস্থিত ছিলেন।

- Advertisement -

জনপ্রিয় সংবাদ

গরম খবর